বাংলাদেশে ইসলামের প্রসারে যে কজন প্রোথিতযশা বক্তৃতাবাগীশ বিদ্বান অবদান রেখেছেন তন্মধ্যে আল্লামা আবুল কাশেম নূরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ট্র্যাডিশনাল ধারার বিপরীতে গিয়ে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন সমাজের রন্দ্রে রন্দ্রে। ইসলাম যে প্রকৃতার্থেই মানুষের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা তা প্রমাণার্থে আল্লামা নুরী বিভিন্ন সমাজসংস্কারমূলক, জনহিতৈষী কর্মকাণ্ডে উদয়াস্ত নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলাম যে মানুষকে ইহবিমুখ হয়ে কেবলই পরকালের প্রতি ছুটতে বলেনা, বরঞ্চ ইহকালকে আল্লাহর নির্দেশিত বিধি-নিষেধ মান্য করে যাপনের মাধ্যমেই পরকালের সুখ শান্তি নিশ্চিতকরণের নাম, এ অমোঘ বাণী জনমানসে ছড়িয়ে দিয়েছেন এ বিদগ্ধজন। এছাড়া সামাজিক বিভিন্ন কুসংস্কার, কদাচার থেকে সমাজকে মুক্ত করার জন্য আল্লামা নূরী ছিলেন বদ্ধপরিকর। তাঁর ‘যৌতুকবিরোধী আন্দোলন' সমাজ থেকে এ ঘৃণ্য প্রথার মুলোৎপাটনে এক অনন্য ভূমিকা পালন করছে।